মধ্যদুপুরে একটি মধ্যমা
সমদ্বিবাহুর ছিল না তো কোন বোন
অভিলম্বের বিলম্ব হল দেখে
অতিভূজ তার ক্ষতি করে দিয়ে গেল
বিষাদময় ট্রাপিজিয়মের রাত
রাজপাটহীন একটি সামান্তরিক
হাঁটতে হাঁটতে বৃত্ত বরাবর
ঠাস হয়ে শুয়ে বেহায়া এক ব্যাস
রেডিয়ান-মাপে দুই ভাগ হয়ে যায়
যতই হারাই থেকে যায় শুধু পাই*
ত্রিকোনমিতির দু‘এক দুঃখ ভুলে
বিন্দু চলেছে যে রেখা সরল ও বাঁকা
তারই পথ বেয়ে সমূহ গতি-স্থিতি
যে কথা শুনেছি পিথাগোরাসও জানে
তার মানে হল এমন জ্যামিতি কষেও
মাপতে পারিনি তোমার গভীরতা